
তারাগঞ্জ (রংপুর):রংপুরের তারাগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে উপজেলার মোট ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে এই কৃষি উপকরণসমূহ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে বড় ভূমিকা রাখবে। একই সাথে এটি মাঠপর্যায়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।